কুষ্টিয়ার খোকসা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। গত ২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন অভিযানে মাদক মামলায় ১২ জন আসামি এবং মাদক সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও কয়েকজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে দুই সপ্তাহে ৪০ জনকে আটক করার তথ্য জানানো হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. জাহেদুর রহমানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি ও মাদক সেবনকারীদের বিজ্ঞ আদালত এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত খোকসা থানায় মোট নয়টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক সেবনের অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে দিন-রাত কাজ করছে থানা পুলিশ।
দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ওসি মু. জাহেদুর রহমান বলেছিলেন, দুই সপ্তাহের মধ্যে খোকসা থানার কার্যক্রমে পরিবর্তন আনার চেষ্টা করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওসি জাহেদুর রহমান বলেন, যত দিন এ থানায় দায়িত্ব পালন করবেন, তত দিন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। খোকসাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কাউকে মিথ্যা মামলা দিয়ে বা অযথা হয়রানি করা হবে না। প্রকৃত অপরাধীদেরই আইনের আওতায় আনা হবে।
তার পেশাদারত্ব, আন্তরিকতা ও পুলিশি সেবায় সন্তুষ্ট হয়ে খোকসার পাশাপাশি পার্শ্ববর্তী রাজবাড়ীর কালুখালী ও কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার লোকজনও বিভিন্ন প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে আসছেন বলে জানা গেছে।
খোকসা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন ওসি।
সংশ্লিষ্টদের মতে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করা গেলে খোকসায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
এমএ
