ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের মধ্যেও ইরানের বন্দর ব্যবহার করা একাধিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে—এমন তথ্য দিয়েছে জাহাজ চলাচল ট্র্যাকিং সংস্থা কেপলার।
সংস্থাটির তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ক্রিশ্চিয়ানা’ ইরানের ইমাম খোমেনি বন্দর থেকে পণ্য খালাস শেষে প্রণালিটি পার হয়। যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর মাত্র দুই ঘণ্টা পরই জাহাজটি লারাক দ্বীপ অতিক্রম করে।
একইভাবে কোমোরোসের পতাকাবাহী ‘এলপিস’ নামের আরেকটি জাহাজও অবরোধ শুরুর আগে ওই এলাকায় অবস্থান করলেও পরে সফলভাবে প্রণালিটি পাড়ি দেয়।
অন্যদিকে, আলজাজিরা জানিয়েছে, বাজার বিশ্লেষণকারী সংস্থা এলএসইজি–এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা তিনটি ট্যাঙ্কারও হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে ‘পিস গালফ’ নামের একটি ট্যাঙ্কার সংযুক্ত আরব আমিরাত–এর হামরিয়াহ বন্দরের দিকে যাচ্ছে।
এর আগে আরও দুটি ট্যাঙ্কার একই পথ অতিক্রম করলেও সেগুলো সরাসরি ইরানের কোনো বন্দরের দিকে না যাওয়ায় মার্কিন অবরোধের আওতায় পড়েনি। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ইরানের বন্দর ব্যবহার করলে যেকোনো দেশের জাহাজকে অবরোধ করা হবে।
এছাড়া ‘মুরলিকিষাণ’ নামের একটি ট্যাঙ্কার জ্বালানি তেল সংগ্রহের উদ্দেশ্যে ইরাক–এর দিকে যাচ্ছে। আর চীনা মালিকানাধীন ‘রিচ স্টারি’ নামের একটি নিষেধাজ্ঞাভুক্ত ট্যাঙ্কার নৌ-অবরোধ শুরুর পর প্রথম জাহাজ হিসেবে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে।
