আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে পঞ্চগড়ে বহু মানুষের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এ ক্ষতি রোধে আন্তঃসীমান্ত নদীগুলোর তীর সুরক্ষায় সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় পঞ্চগড় জেলার আন্তঃসীমান্ত নদীগুলোর ভাঙন রোধে প্রয়োজনীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি ও স্থাপনা রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণ সরকারের লক্ষ্য।
পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদ-নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে চাওয়াই নদীর বাম তীরে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় নদীতীরে ব্লক স্থাপনের মাধ্যমে ভাঙন রোধের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়িত হলে নদীতীরবর্তী জনবসতি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং সব নাগরিকের ধর্মীয় উৎসব উদ্যাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সামাজিক সম্প্রীতি বিনষ্টে কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি যাতে সুযোগ না পায়, সে জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের জনগণকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, স্থানীয় বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে প্রস্তুত রাখা ১০ হাজার স্বেচ্ছাসেবক পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর ঘটনা ও গুজব প্রতিরোধে স্থানীয় সরকার ও প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করবে। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করতে প্রধানমন্ত্রী আগামী ১৮ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

