গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার চার দিন পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কোনো উদ্যোগ না নেওয়ায় ফায়ার সার্ভিস স্বপ্রণোদিত হয়ে এ কমিটি গঠন করেছে।
আজ রোববার সন্ধ্যায় টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম এ তথ্য জানান।
তিনি বলেন, কারখানায় অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কর্তৃপক্ষ কোনো তথ্য জানাতে পারেনি। এ বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগও নেওয়া হয়নি। বর্তমানে কারখানার কার্যক্রম পুনরায় চালু করার কাজে ব্যস্ত রয়েছেন সংশ্লিষ্টরা।
শাহীন আলম আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণসহ ঘটনার বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে সরকারের কাছে জমা দিতে হয় ফায়ার সার্ভিসকে। এ কারণে রোববার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে।
তবে তদন্ত কমিটি কবে ও কখন ঘটনাস্থল পরিদর্শনে যাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি শাহীন আলম। এ ছাড়া কমিটির অন্য সদস্যদের নাম ও পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
