জন্মদিনের আয়োজনে শিউলি ফুলের সুবাস আর নতুন সিনেমার ঘোষণা, দুই চমকেই ভক্তদের নজর কাড়লেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তাঁর বিশেষ দিনটি সাজানো হয়েছিল শিউলি ফুলের আবহে। আর এই আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি। এমন ভালোবাসায় মুগ্ধ অভিনেত্রী।
গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। এ উপলক্ষে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরেও হাজির হন অভিনেত্রী। তাঁর পোশাক থেকে সাজসজ্জা' সবখানেই ছিল শিউলির ছোঁয়া।
পরীমনি জানান, শিউলি ফুল দিয়ে পুরো আয়োজনকে বাগানের মতো সাজানোর ইচ্ছা ছিল তাঁর। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফুল চেয়েও পোস্ট দিয়েছিলেন। পরে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ফুল পাঠান এক ব্যক্তি। তবে তাঁর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। ফুলের স্বল্পস্থায়িত্বের কারণে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
জন্মদিনে ভক্তদের জন্য আরও একটি চমক নিয়ে আসেন পরীমনি। ঘোষণা করেন তাঁর নতুন সিনেমা ‘ফারজানা’র। সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান। অভিনেত্রী জানিয়েছেন, ছবিটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো শেষ হলে বিস্তারিত জানাবেন তিনি।
পরিচালক তারেক রহমান জানিয়েছেন, সিনেমাটিতে পরীমনিকে দেখা যাবে সংগ্রামরত এক নারীর চরিত্রে। তাঁর আশা, এই ছবিতে দর্শকেরা অভিনেত্রীর নতুন একটি দিক আবিষ্কার করবেন।
জন্মদিনে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি। তিনি জানান, এই ভালোবাসার প্রতিদান দিতে চান ভালো কাজের মাধ্যমে।
শিউলি ফুলের বিশেষ আয়োজন আর নতুন সিনেমার ঘোষণায় এবারের জন্মদিন পরীমনির কাছে হয়ে উঠেছে আরও স্মরণীয়।
