নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তাঁর বিরুদ্ধে হত্যা, গ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান তাঁরা।
সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ড. ইউনূস দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। এ ছাড়া দেশের পরিস্থিতি ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’
ভিডিওতে আরও দেখা যায়, কঠোর নিরাপত্তা ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা তাঁকে ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ জানাতে থাকেন। পরে ড. ইউনূস ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান।
তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারীদের তোলা অভিযোগগুলোর সত্যতা সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
The post নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস appeared first on ভোরের চেতনা.
