পিরোজপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডিসি পাড়া এলাকায় খাল পরিষ্কারসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এডিস মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা এলাকার খাল ও আশপাশের ঝোপঝাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনে এ কার্যক্রম পরিচালনা করেন।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা বনী আমিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম। এ ছাড়া পৌরসভার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে মাহমুদুর রহমান মামুন বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডেই দিন ও রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। মশার বংশবিস্তার রোধ ও নাগরিকদের ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেঙ্গু প্রতিরোধে কেবল পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয় উল্লেখ করে নগরবাসীকেও নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং মশার বংশবিস্তার রোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সাদী মো. হিমেল/আরএএস
