জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে বাণিজ্য, বেসরকারি বিনিয়োগ ও কৌশলগত সম্পর্কের নতুন দ্বার খুলবে বলে আশা করছে ঢাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর টোকিও সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্রসচিব জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা জাপানের উদ্দেশে রওনা হবেন। সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও সঙ্গে থাকবেন।
আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেবেন তিনি।
আসাদ আলম সিয়াম বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পর দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বাংলাদেশে জাপানি বেসরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ও সানায়ে তাকাচির শীর্ষ আলোচনায় ঋণের সুদের হার কমানোসহ যৌথ প্রকল্পগুলোর বাস্তবায়ন ব্যয় কমানোর বিষয়ে জাপানের কাছে নীতিগত আহ্বান জানাবে ঢাকা। এ ছাড়া মেগা প্রকল্প, বিশেষ করে মেট্রোরেলের সম্প্রসারণ ও পরিচালনা এবং তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে জাপানের বড় ধরনের সহযোগিতা চাওয়া হবে।
সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি স্মারক ও চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, ‘বর্তমানে প্রায় ৮টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, সফরকালে এর মধ্যে অন্তত ৩ থেকে ৪টি স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে। এ ছাড়া বৈঠক শেষে একটি যৌথ ঘোষণাপত্র (জয়েন্ট স্টেটমেন্ট) প্রকাশের বিষয় নিয়েও দুই দেশের প্রতিনিধিরা কাজ করছেন।’
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সফরসঙ্গী হবেন কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব জানান, পররাষ্ট্রমন্ত্রীর পূর্বনির্ধারিত সূচির সঙ্গে সময়সূচি মিললে তিনি অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) পর্যালোচনার জন্য জাপানের সংসদে ওঠার কথা রয়েছে। উভয় দেশের অভ্যন্তরীণ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই চুক্তিটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও জাপান ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি টোকিওতে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করে। এটি মূলত একটি ব্যাপকভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), যা কোনো উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের সই করা প্রথম দ্বিপক্ষীয় অর্থনৈতিক চুক্তি।
বিআলো/শিলি