নীলফামারী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার ৯ নম্বর সোনারায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদলের সোনারায় ইউনিয়ন শাখার আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জবলুর রাকিব। এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
মো. জবলুর রাকিব ৯ নম্বর সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রয়াত জননেতা জোবায়ের সিদ্দিকের সন্তান। বাবার আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জবলুর রাকিব বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ধর্মের ভেদাভেদ ভুলে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের দুর্গোৎসব আরও আনন্দময় ও নির্বিঘ্ন করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, তাঁর পিতা মরহুম জোবায়ের সিদ্দিকের আদর্শ অনুসরণ করে জনগণের শাসক নয়, বরং সেবক হিসেবে কাজ করতে চান। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

