দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে ফের রাজপথে নামার ডাক দিল ‘ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন’। আগামী ১২ নভেম্বর আরজি কর হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে তারা। শনিবার সাংবাদিক বৈঠকে সাধারণ মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওই সংগঠন। তবে আরজি করে নিহত চিকিৎসক তরুণী (অভয়া)-র মা-বাবার সঙ্গে আন্দোলনকারীদের মতপার্থক্যও প্রকাশ্যে এসেছে। ‘ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন’ সংগঠনের সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্রর দাবি, বিবেকের তাড়নাতেই আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। অন্যদিকে, নিহত চিকিৎসক তরুণীর বাবার অভিযোগ, অনেকে ব্যক্তিস্বার্থে আন্দোলন করছেন।
