জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য প্রকাশিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এ এস এম সুজা উদ্দিন (ASM Suza Uddin)। পাহাড়, সাগর ও সমতলঘেরা চট্টগ্রাম বিভাগে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে একই দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ১০টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় আহ্বায়ক ও নির্বাহী কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়। তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি সাংগঠনিক কার্যক্রম বিস্তারে ভূমিকা রাখেন। বান্দরবান সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতায় পার্বত্য অঞ্চলেও তাঁর সাংগঠনিক যোগাযোগ গড়ে ওঠে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এ এস এম সুজা উদ্দিন বলেন, “চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে। পাহাড় কিংবা সমতলে কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। জনবান্ধব রাজনীতি ও অন্তর্ভুক্তিমূলক জননীতির মাধ্যমে সবাইকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ করতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর নতুন দায়িত্বের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগ, তিন পার্বত্য জেলা ও উপকূলীয় অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
