সংবিধান সংশোধন, বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে বিশেষ কমিটির বৈঠক
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১০:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ৪৪ জন সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক তাঁদের লিখিত ও মৌখিক মতামত উপস্থাপন করেন।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সাকিলা ফারজানা।
বৈঠকে সংবিধানের মৌলিক কাঠামোর নীতি, বিচার বিভাগীয় পর্যালোচনা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংশোধন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে বিশেষজ্ঞরা তাঁদের প্রস্তাব তুলে ধরেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা বা যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ রাখার বিষয়টি আলোচনায় আসে।
বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, বিচারক নিয়োগ আইন প্রণয়ন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়েও প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি সংবিধিবদ্ধ সংস্থাগুলোর স্বাধীন কর্মপরিধি নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় উচ্চকক্ষের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিদের মনোনয়নের বিষয়টিও বৈঠকে উঠে আসে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

