রূপালী ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে বিভাগাধীন শাখাসমূহের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:২২ পিএম
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখাসমূহের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) খুলনা শহরের সিএসএস আভা সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম। তিনি ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, ঋণ বিতরণ কার্যক্রম জোরদার এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সিএমএসএমই ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায়, বাংলা কিউআর মার্চেন্ট অনবোর্ডিং ও লেনদেনে খুলনা বিভাগের সাফল্যকে তিনি সাধুবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ মইনুদ্দিন মাসুদ।
এছাড়াও বিভাগাধীন তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ সাহাদ আলী, মুজিব আলম ও সেখ আলাউদ্দিন হোসেন এবং বিভাগাধীন সকল উপমহাব্যবস্থাপক ও সকল মহাব্যবস্থাপক, সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ সভায় উপস্থিত ছিলেন।
