জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে প্রত্যেক মানুষের বাক্স্বাধীনতা রয়েছে। তারা সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারবেন। একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। অতীতে কোনো দল তাদের দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীন হওয়ায় তা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে স্পিকারকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে স্পিকার বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণকারী মাদক ব্যবসায়ীদের দমন করতে গিয়ে তিনি ভালো কাজ করেছিলেন। তবে তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
স্পিকার আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতার শাস্তি হয়েছে। শেখ হাসিনাকেও আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ভেবেছিল, লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা মনে করেছিল, এভাবেই তাদের জীবন কেটে যাবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা।
