ইউরোপের শেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছে উপসাগরীয় পাঁচ দেশ সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার। এ দেশগুলোর নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের প্রক্রিয়া শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এখনই ভিসা ছাড়া ভ্রমণের অনুমতি দেয়া হয়নি।
ভিসা-সংক্রান্ত সংবাদমাধ্যম ভিসানিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল পাঁচটি পৃথক সিদ্ধান্ত গ্রহণ করে। এতে দেশগুলোর নাগরিকদের জন্য শেনজেন ভিসার শর্ত শিথিলের প্রক্রিয়া শুরুর বিষয়ে ইউরোপীয় কমিশনের উদ্যোগকে স্বাগত জানানো হয়।
তবে ভিসার শর্ত তুলে নেয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। ভ্রমণ নথির নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অভিবাসন পরিস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হবে। এ ছাড়া ভিসামুক্ত ভ্রমণ চালুর জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয় আইনি সিদ্ধান্তও নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে আপাতত ভ্রমণকারীদের জন্য কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে ভিসামুক্ত ভ্রমণের অনুমতি কার্যকর না হওয়া পর্যন্ত সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকদের শেনজেন ভিসা নিতে হবে। এ বিষয়ে কার্যকরের কোনো নির্দিষ্ট তারিখও ঘোষণা করা হয়নি।
উপসাগরীয় ছয় দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা ২০১৫ সাল থেকেই শেনজেন অঞ্চলে স্বল্প সময়ের জন্য ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে বাকি পাঁচ দেশের নাগরিকেরাও একই ধরনের সুবিধা পেতে পারেন।
শেনজেন অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণের অনুমতি কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ইউরোপের নতুন ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন ব্যবস্থা (ইটিআইএএস) চালু হওয়ার পর সেটির অনুমোদন নিতে হতে পারে।
