প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় টোকিওতে থাকবেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। এটি এক নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রীর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর এ সফরকালে রাষ্ট্রদূত দাউদ আলী ঢাকায় অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর দপ্তরের পরামর্শে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাষ্ট্রদূত দাউদ আলী ইতোমধ্যে ঢাকায় ফিরে এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সূত্রগুলো। অন্য একটি কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে সামনে রেখে রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের একজন পদস্থ কর্মকর্তার মতবিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাপান সফর নির্বিঘ্ন করার পাশাপাশি সফরের সার্বিক তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে গত বুধবার বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে। সফর চলাকালে টোকিওতে থেকে তিনিই দ্বিপক্ষীয় যোগাযোগ ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্বে থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট দেশে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধানের সফরের ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি। বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এমনকি বিষয়টিতে জাপান সরকার কোনো প্রশ্ন তোলে কি না, সেই আলোচনাও সামনে এসেছে।
গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ পেয়ে তিনি জাপান থেকে ঢাকায় ফিরে আসেন। সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ঢাকায় ডাকা হলেও সফরের প্রস্তুতিমূলক কাজে তাকে যুক্ত রাখা হয়নি।
সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন নিয়ে আলোচনার কথা রয়েছে।
দাউদ আলী ও মো. নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।
