ব্যাটিংয়ের শুরুতে হোঁচট খেয়ে চাপে পড়লেও ঘুরে দাঁড়াতে ভুল করেনি পাকিস্তান। সালমান আলী আঘার চমৎকার সেঞ্চুরিতে চড়ে শ্রীলঙ্কার সামনে ৩০০ পার করা বড় লক্ষ্য দাঁড় করে স্বাগতিকরা। এরপর পেস আক্রমণের দাপটে লঙ্কান ব্যাটারদের চেপে ধরে ৩৭ রানের জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে পাকিস্তান।
আজ রোববার (১৮ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর্দা ওঠেছে। উদ্বোধনী ম্যাচে লড়াইয়ে নামে আয়োজক পাকিস্তান ও শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে ৩০৫ রানে অলআউট হয় পাকিস্তান। ৩০৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৬৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে লঙ্কানরা। ৯ বলে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। তিন নম্বরে আসা অধিনায়ক কুশল মেন্ডিসও (১৮) ফাহিম আশরাফের শিকার হয়ে দ্রুত পথ ধরেন। অন্যপ্রান্ত সামলে রাখা কামিন্দু মেন্ডিস (৪৪) ও সাহান আরচ্চিগেকে (৩) পর পর দুই ওভারে ফিরিয়ে লঙ্কানদের ব্যাটিং অর্ডারে ধস নামান পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
৯৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে টানেন পাবন রত্নায়েকে ও জেনিথ লিয়াঙ্গে। পঞ্চম উইকেটে ১০৭ বলে ১১৯ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন এই দুই ব্যাটার। তবে ৭৪ বলে ৭৯ রান করা রত্নায়েকেকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি ফেরান ফাহিম আশরাফ। কিছুক্ষণ পর ফিফটি করা লিয়াঙ্গেকেও (৬০) সাজঘরের পথ দেখান হারিস রউফ।
শেষের দিকে দাসুন শানাকা ১৮ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ব্যবধান কমানোর চেষ্টা করলেও শাহিন আফ্রিদির বলে তিনি আউট হলে লঙ্কানদের জয়ের আশা শেষ হয়ে যায়। ২৬৮ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি পান সর্বোচ্চ ৩টি উইকেট। এ ছাড়া নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩২ রানের মাথায় ফখর জামান (১৬) ও সাইম আইয়ুবের (৭) উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। সেখান থেকে তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে ১০০ পার করান বাবর আজম ও সাদ বেগ। বাবর ৫৭ বলে ৪৫ রান করে ইশান মালিঙ্গার বলে আউট হন। কিছুক্ষণ পর ৩৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তরুণ সাদ বেগও।
পঞ্চম উইকেটে সালমান আলী আঘা ও হাসান নেওয়াজ ৯৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। হাসান ৩৭ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন সালমান। ৯০ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সালমান আউট হলে ৩০৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ইশান মালিঙ্গা ৪টি এবং আসিথা ফার্নান্দো ৩টি উইকেট শিকার করেন।
