স্টাফ রিপোর্টার।।
এজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় ছাদ থেকে পড়ে সম্রাট ঢালী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সম্রাট দৌলতপুর থানার সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সম্রাটসহ তিন যুবক চুরির উদ্দেশ্যে খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এজাক্স জুট মিলে প্রবেশ করে। নিরাপত্তা প্রহরীরা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দু’জন পালিয়ে গেলেও সম্রাট মিলের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার জানান, সম্রাটের বিরুদ্ধে থানায় এর আগে একটি চুরি ও আরেকটি অন্যান্য ধারায় মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হতে পারে।
