স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর লাক্কাতুরা বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট চলাকালে ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ ট্রাকটি জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা।
এসএমপি সূত্র জানিয়েছে, কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে প্রায় ২০ গজ দূরে সড়কের ওপর ট্রাকটি রেখে পালিয়ে যান। এসময় তাঁর সঙ্গে থাকা হেলপারসহ আরও একজন পালিয়ে যান। পরে ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। এসময় রাজবাড়ী-ট-১১-০২৩২ নম্বরের হলুদ রঙের টাটা হাইড্রোলিক ট্রাকটিও জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
