‘জিটিএ ৬’-এর (GTA 6) লঞ্চ ট্রেলার প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়ে জিটিএ ৫ প্রকাশের এক দশকেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজের নতুন যুগের সূচনা হলো।
রকস্টার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এর নতুন ট্রেলার প্রকাশ করেছে। এতে গেমটির মূল সংগীত রচয়িতা জাস্টিসের সঙ্গে টেম ইমপালা, এসজেডএ এবং কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ডের পরিবেশনায় ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’ গানটি প্রথমবারের মতো তুলে ধরা হয়েছে।
সংক্ষিপ্ত এই ট্রেলারে গেমটির দুই প্রধান চরিত্র জেসন ও লুসিয়াকে নিজেদের সংগ্রামের কথা বলতে দেখা যায়। ট্রেলারের বেশির ভাগ অংশে জেসনের চুল লম্বা দেখা গেছে। শুরুর কয়েক সেকেন্ডে তিনি সামরিক বাহিনী থেকে খুব একটা জাঁকজমকপূর্ণভাবে বিদায় নিতে না পারার পর যেসব বাধার মুখে পড়েছেন, তা নিয়ে কথা বলেন। একটি ঘনিষ্ঠ গোসলের দৃশ্যে লুসিয়ার পায়ে নজরদারির জন্য ব্যবহৃত বিশেষ অ্যাঙ্কলেট দেখা যায়। অপরাধের ঘূর্ণাবর্তের মধ্যে একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমরা কি ঠিক থাকব?’
এই ট্রেলারে রকস্টারের যেন হেলিকপ্টারের প্রতি বিশেষ আগ্রহ দেখা গেছে। একটি দৃশ্যে অ্যাসল্ট রাইফেল হাতে জেসনের পেছনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। অন্য একটি দৃশ্যে গ্রেনেড লঞ্চার হাতে লুসিয়াকে হেলিকপ্টারে করে শহরের রাস্তায় উড়তে দেখা যায়। তৃতীয় একটি দৃশ্যে হেলিকপ্টারের সঙ্গে শিকল দিয়ে বাঁধা একটি মালামালের বোঝা—সম্ভবত চুরি করা—শহরের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এটি যেন ধ্বংস করার কাজে ব্যবহৃত বিশাল বলের মতো একটি ভবনের সারি সারি জানালা ভেঙে ফেলে। পরের দৃশ্যে জেসনকে আবার ছোট চুলে হেলিকপ্টার থেকে নামতে দেখা যায়।
এরপরই দৃশ্য বদলে যায়, যেখানে জেসন ও লুসিয়াকে একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে কোনো একটি হোটেলের সুইমিংপুলে পড়তে দেখা যায়।
ভিডিওর বিবরণে বলা হয়েছে, ‘জেসন ও লুসিয়া সব সময়ই জানত, পরিস্থিতি তাদের প্রতিকূলে। কিন্তু সহজ মনে হওয়া একটি অপরাধের পরিকল্পনা ভুল হয়ে গেলে তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল এলাকার অন্ধকারতম জগতে আটকা পড়ে। লিওনিডা অঙ্গরাজ্যজুড়ে বিস্তৃত একটি অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পড়ে তারা। জীবিত বেরিয়ে আসতে চাইলে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি একে অপরের ওপর নির্ভর করতে হবে তাদের।’
‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ) ভক্তদের মধ্যে নতুন ট্রেলারটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রকস্টারের বিভিন্ন অ্যাকাউন্টে লাখো ভক্ত ভিড় করছেন। ইউটিউবে ট্রেলারটি প্রকাশের প্রায় আধা ঘণ্টার মধ্যে ১০ লাখ ভিউ অতিক্রম করে। তবে অতিরিক্ত চাপের কারণে ভিউয়ের হিসাব কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মন্তব্যের ঘরে জিটিএ ৬-এর অপেক্ষায় থাকা ভক্তরা অবশেষে লঞ্চ ট্রেলার দেখতে পাওয়ার বিস্ময় প্রকাশ করছেন। সর্বাধিক জনপ্রিয় একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘আমি ভেবেছিলাম, জীবনে আর কখনো এই মুহূর্ত দেখতে পাব না।’ আরেক ভক্ত লিখেছেন, ‘আমরা সত্যিই এখন একেবারে শেষ পর্যায়ে!!!’
‘গ্র্যান্ড থেফট অটো ৬’ আগামী ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ (PS5) ও এক্সবক্স সিরিজ এক্সে (Xbox Series X) মুক্তি পাবে। লঞ্চ ট্রেলারটি প্লেস্টেশন ৫-এ ধারণ করা হয়েছে। ট্রেলারের শুরু ও শেষে প্লেস্টেশনের প্রচারণা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
