সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. জোবায়ের হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কিনা সেটি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
জোবায়ের হোসেন কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত গোলাম রসুল। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।
নিহত জোবায়েরের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, তার ছোট ভাই গত পাঁচ থেকে ছয় দিন ধরে কাপ্তাই প্রজেক্ট এলাকার একটি স্থানে দর্জির কাজ করছিলেন। এ সময় তার মাঝে মধ্যে জ্বর আসা-যাওয়া করলেও তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে কাপ্তাই নতুন বাজার এলাকায় ডেঙ্গু পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। এরপর শনিবার রাতে তাকে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে তার মৃত্যু হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘তিনি সন্দেহভাজন ডেঙ্গু রোগী ছিলেন। হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। তবে তার ডেঙ্গু হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবাইকে সতর্ক থেকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
