সাজেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে জেলায় টানা হরতাল-অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুই আঞ্চলিক সংগঠনের বিরোধ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। নিরাপত্তার উদ্বেগে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তে পাহাড়ের পর্যটন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, শারদীয় দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে সাজেকের বিভিন্ন রিসোর্ট ও কটেজে আগাম বুকিং ছিল। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পর্যটকেরা সেখানে যেতে না পারলে পর্যটননির্ভর ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। হোটেল-রিসোর্ট মালিকদের পাশাপাশি পরিবহন শ্রমিক, রেস্তোরাঁ ব্যবসায়ী ও অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে গত রোববার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ১৪ অক্টোবর থেকে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় জেলা প্রশাসন।
মানববন্ধন থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে হরতাল-অবরোধের কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
এই বাংলা/এমএস
