জাতীয় ক্রিকেট লীগে অংশ নেয়া রাজশাহী বিভাগের ক্রিকেটারদের ৮টি লাগেজ চুরি হয়েছে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কাভার্ড ভ্যান থেকে চুরি হয় এগুলো। পরে রাজশাহী জেলা পুলিশ ও বিসিবির নিরাপত্তা বিভাগের তৎপরতায় বেশির ভাগ মালামাল উদ্ধার করা হয়েছে।
ক্রিকেটাররা সাধারণত বিমানে এক শহর থেকে আরেক শহরে যান। তাঁদের কিটব্যাগ যায় আলাদা কাভার্ড ভ্যানে। পরের রাউন্ডের ম্যাচ খেলতে মঙ্গলবার রাজশাহীতে যান ক্রিকেটাররা। কিটব্যাগ রওনা হয় রাতে। পরদিন ব্যাগ গ্রহণ করতে গিয়ে দলের কর্মকর্তারা দেখেন, ৮টি লাগেজ নেই।
চুরি হওয়া লাগেজগুলো স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ ও টিম বয় আব্দুল কাদেরের। মেহেরব তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন।
অভিযোগপত্রে মেহেরব জানান, তার লাগেজে জামাকাপড়ের পাশাপাশি ছিল পাসপোর্ট, একটি আইফোন, নগদ তিন লাখ টাকা, ৩০০ ডলার ও কিছু ইলেকট্রনিক্স সামগ্রী। মোহরের ব্যাগেও মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী ছিল। আব্দুল কাদেরের ব্যাগে ছিল স্পাইক ও খেলার সরঞ্জাম। পরে রাজশাহী ও নাটোর জেলা পুলিশের সহযোগিতায় কয়েকটি ব্যাগ ও জিনিসপত্র উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত সামগ্রী ক্রিকেটারদের বুঝিয়ে দিয়েছে।
