প্রকাশিত: ১২:০৮, ২০ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নাঈম আবেদীন, ইমরান ভূঁইয়া তাসকিন
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মহানগর দক্ষিণের নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নাঈম আবেদীন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন।
রবিবার (১৮ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি ঘোষণা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।
বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ঘোষিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ের দায়িত্ব পালন করেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ হলে এর সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান।
নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দেন।
