সপ্তমীর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবে। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহত অনেকে। তাঁদের চিকিৎসা চলছে শহরের বিভিন্ন হাসপাতালে। পুজোর আনন্দে সামিল হতে গিয়ে এভাবে এতগুলো মানুষ বেঘোরে প্রাণ হারালেন, এতজন সহনাগরিকের মর্মান্তিক মৃত্যু সাধারণ মানুষ থেকে তারকারা, কেউই মেনে নিতে পারছেন না। সমাজমাধ্যমে শোকপ্রকাশ করলেন দেব, মিমি চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, প্রমুখ।
মিমি চক্রবর্তী এদিন ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, "এই দুর্ঘটনায় যাঁরা কোনও না কোনও ভাবে অ্যাফেক্টেড, তাঁদের সকলের জন্য আমার প্রার্থনা রইল। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন তাঁদের পরিবারের প্রতি রইল সমবেদনা। জীবন সত্যিই অনিশ্চিত। ঈশ্বর আপনাদের সকলকে শক্তি দিক।"

প্রসেনজিৎ চ্যাটার্জিও একই ভাবে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে লেখেন, "চোরবাগানের এই মর্মান্তিক ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। উৎসবের আনন্দ মুহূর্ত এমন বিষাদে ঢেকে যাবে, তা কল্পনাও করতে পারছি না। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীরতম সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।" (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)

দেব এদিন দেবী দুর্গার একটি ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেখানে তিনি লেখেন, "চোরবাগানের এই দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। যে উৎসব লক্ষ লক্ষ মানুষকে একসঙ্গে নিয়ে আসে আনন্দ, শ্রদ্ধা এবং উদযাপনের মধ্য দিয়ে, সেটা কখনই ভয় বা দুর্ঘটনার কারণ এর আগে কখনও হয়নি। যাঁরা এই দুর্ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারালেন তাঁদের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি তিনি যেন তাঁর সমস্ত ভক্তকে, এই প্রাণের শহরকে রক্ষা করেন। সকলকে নিরাপদে রাখেন। বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব যেন সবসময় আনন্দ, বিশ্বাস এবং একসঙ্গে কাটানোর আনন্দ মুহূর্ত হয়ে থাকে। কখনও যেন মানুষের দুঃস্বপ্ন না হয়।"
https://www.instagram.com/p/DeoJvnrR7yw/?utm_source=ig_web_copy_link&vrfl=NTc4MTIwNjQ2YQ==
https://youtu.be/Gt-oz49uh6Y?si=CIpGs8rvEybzhp88
