যে মানুষটা আর্জেন্টিনার কোটি সমর্থকের চোখে জল এনে দিয়েছিলেন আনন্দের, ফিরিয়ে দিয়েছিলেন হারানো গৌরব, সেই লিওনেল স্কালোনির গল্পটা আর্জেন্টিনার ডাগআউটে এখনই শেষ হচ্ছে না। বরং আলবিসেলেস্তেদের সঙ্গে তার স্বপ্নযাত্রা এগিয়ে নিতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে এএফএ। সবকিছু ঠিক থাকলে ২০২৮ কোপা আমেরিকা পেরিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেসিদের দায়িত্বে থাকতে পারেন এই আর্জেন্টাইন কোচ।
কোনো কিছু এখনো আনুষ্ঠানিক হয়নি। তবে একটি স্বাক্ষর ছাড়া চুক্তি চূড়ান্ত হতে আর তেমন কিছুই বাকি নেই। টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তির প্রাথমিক মেয়াদ হবে দুই বছর, অর্থাৎ ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত। এরপর দুই পক্ষের সম্মতিতে আরও দুই বছর মেয়াদ বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে দায়িত্বে রাখার সুযোগ থাকবে। তবে চুক্তির চূড়ান্ত কাঠামো ও আর্থিক শর্ত নিয়ে আলোচনা এখনো পুরোপুরি শেষ হয়নি।
অন্যদিকে, আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতিতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এদিকে, লা নাসিওনের প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, কয়েক সপ্তাহ আগেই স্কালোনিকে নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে সংস্থাটির আরেকটি সূত্র জানিয়েছে, নতুন চুক্তির সম্ভাবনা থাকলেও এর চূড়ান্ত কাঠামো এখনো নির্ধারিত হয়নি।
সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে চুক্তির ঘোষণা না আসার পেছনে লিওনেল মেসির বিদায়ী ম্যাচও ভূমিকা রেখেছে বলে জানিয়েছে লা নাসিওন। বেনিনের বিপক্ষে সেই ম্যাচে মেসির বিদায়ী মুহূর্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চেয়েছিল এএফএ। তাই স্কালোনির চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে সেই উপলক্ষের গুরুত্ব কমাতে চায়নি তারা।
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনির বক্তব্যেও আর্জেন্টিনার কোচ হিসেবে থেকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তখন তিনি বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে থাকব।’
তবে চুক্তির মেয়াদ নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম ক্লারিন। তাদের দাবি, আর্থিক শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো কিছু মতপার্থক্য রয়েছে। চুক্তি দুই বছর করে দুই ধাপে নবায়নের পরিবর্তে সরাসরি চার বছরের জন্যও হতে পারে। সে ক্ষেত্রে ২০২৮ কোপা আমেরিকা হবে চুক্তির মাঝপথের গুরুত্বপূর্ণ মাইলফলক।
২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্কালোনির অধীনেই দলটি জিতেছে দুটি কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা। তার কোচিংয়ে বিশ্ব ফুটবলের শীর্ষে ওঠার পাশাপাশি দলটির ধারাবাহিকতাও বেড়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা তার বর্তমান চুক্তির মেয়াদ।
শুধু স্কালোনি নন, সাফল্যের নেপথ্যে থাকা কোচিং স্টাফের সদস্যদেরও ধরে রাখতে চায় এএফএ। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে জাতীয় দলের সঙ্গে থাকার জন্য রাজি করানোর চেষ্টা চলছে। এর আগে ইন্টার মিলানের কোচিং স্টাফে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন ইতালিয়ান ক্লাবটির সাবেক এই ডিফেন্ডার।
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘রিও দে লা প্লাতা’ ডার্বি। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই বিরতিতেই স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
