সংবাদ · general
২৪ দিন পর শালবনে মিলল কিশোরের হাড়গোড়, গ্রেপ্তার ২
২০/১০/২০২৬

টাঙ্গাইলের সখিপুরে অটোভ্যানসহ নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজের ঘটনায় এক চাঞ্চল্যকর মোড় এসেছে। নিখোঁজের দীর্ঘ ২৪ দিন পর উপজেলার আন্দি এলাকার শালবন থেকে তার দেহাবশেষ ও পরনের পোশাক উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হাতে গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এই দেহাবশেষ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এসআরবি দুজনকে গ্রেপ্তার করেছে।নিহত সবুজ সখিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার সিরাজ মিয়ার ছেলে। ২৬ সেপ্টেম্বর সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর ২৭ সেপ্টেম্বর সখিপুর থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা। একই দিন গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। তবে ভ্যান উদ্ধার হলেও সবুজের কোনো হদিস না মেলায় পরিবারে চরম ক্ষোভ ও উদ্বেগ দানা বাঁধে।তদন্তে গাফিলতির অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন সবুজের বাবা-মা। তারা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন।পরবর্তীতে সখিপুর ও গোপালপুর থানা-পুলিশের পাশাপাশি তদন্তে নামে এসআরবি। গত ১৯ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের বাসাইল এলাকা থেকে মো. হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসআরবি। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিয়ারগুন গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।গ্রেপ্তার হাবিবুরকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যে মঙ্গলবার সখিপুরের আন্দি এলাকার শালবনে অভিযান চালানো হয়। সেখানে ঝোপঝাড়ের ভেতর থেকে কিশোর সবুজের হাড়গোড় ও পোশাক উদ্ধার করা হয়।এ বিষয়ে সখিপুর ও গোপালপুর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোর সবুজকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং আইনি ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗