
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নিখোঁজ মাদ্রাসা শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিমের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বজনেরা। তবে কীভাবে তিনি সেখানে পৌঁছালেন এবং তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে। তিনি চার কন্যাসন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে উপজেলার হামিদনগর বরুণা এলাকার জামেয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ফেসবুকে ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখানো একটি ভিডিও দেখে স্বজনেরা তাঁকে শনাক্ত করেন। ভিডিওটি প্রকাশ করেছিলেন স্থানীয় বিএনপি নেতা এবাদুর রহমান মোশাহিদ।
অচেতন অবস্থায় উদ্ধারের পর তাঁকে ভৈরবের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার সময় অথবা চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে। পরিবারের সদস্যদের ধারণা, তাঁকে চেতনানাশক কোনো পদার্থ প্রয়োগ করে সেতুর নিচে ফেলে রাখা হয়ে থাকতে পারে। স্বজনদের দাবি, তাঁর শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না।
শনিবার রাতে মরদেহ শ্রীমঙ্গলে নিয়ে আসা হলেও রোববার সকালে ময়নাতদন্তের জন্য আবার ভৈরবে নেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন স্বজনেরা।
