নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতিকাতর বন্ধুত্ব, তারুণ্যের উচ্ছ্বাস আর এক গভীর প্রেমের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘চিরকুট’। সম্প্রতি সিনেমাটির টিজার, ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই দর্শকমহলে বেশ ইতিবাচক সাড়া ও কৌতূহল দেখা গেছে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
ফিল্মম্যানিয়া প্রযোজিত এই সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্মাতা মুনতাসির আকিব। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিখাদ পরিবেশ, সে সময়ের মানুষের আবেগ এবং স্মৃতিকে আধুনিক নির্মাণশৈলীতে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
‘চিরকুট’ সিনেমাটির অন্যতম মূল আকর্ষণ হলো এর বিশাল অভিনয়শিল্পী বহর। সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।
পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি এই সিনেমায় সরাসরি যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী। পরিচালক সূত্রে জানা গেছে, তৎকালীন ক্যাম্পাসের পরিবেশ ও সঠিক আবহ ফুটিয়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী এতে অভিনয় করেছেন।
টিজার, ট্রেলার ও রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ প্রকাশের পর দর্শকদের ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা মুনতাসির আকিব। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “টিজার, ট্রেলার আর গান রিলিজের পর থেকে যে পরিমাণে রেসপন্স পাচ্ছি, তা দেখে আমি সততই অভিভূত। ‘চিরকুট’ একটি বিশুদ্ধ বাংলা সিনেমা। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই এর গল্পের সূত্রপাত। সে সময়ের পরিবেশ ও আবেগ আমরা সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন পর্দায় শুধু একটি গল্পই না দেখেন, বরং একটি সময়কেও অনুভব করতে পারেন—সেটিই আমাদের মূল চেষ্টা। আশা করি, ‘চিরকুট’ এবারের দুর্গাপূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে।”
সেকালের আবহ আর একালের নির্মাণশৈলীর মিশেলে তৈরি ‘চিরকুট’ নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে এখন বেশ জোর চর্চা চলছে। দুর্গাপূজার আবহে আগামী ১৬ অক্টোবর বড় পর্দায় আসা এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়।
