The Sangbad · সাধারণ
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
১৭/১০/২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক প্রভাষকের স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের প্রভাষক মো. শহিদুলের স্ত্রী লিপি খাতুন (২৬), তার ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। অপর নিহতদের মধ্যে রয়েছেন যাদুরচর ইউনিয়নের কর্তীমালী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং অটোরিকশাচালক (পরিচয় মেলেনি, বাড়ি জামালপুর জেলার কাউনিয়ার চরে)।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাদলের মেয়ে বৃষ্টি (১৪)। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে সায়েদাবাদ বাজার এলাকায় একটি বেপরোয়া দ্রুতগতির মালবাহী ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ও নেওয়ার পথে আরও ২ জন মারা যান।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ঘাতক যানটি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
মূল প্রতিবেদনে যান ↗