ভারতীয় বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া। নানা পাটেকরের মৃত্যুর চার দিন পর একসময় তার মায়ের ভূমিকায় অভিনয় করা বর্ষীয়ান মারাঠি অভিনেত্রী মধু কাম্বিকর মারা গেছেন। সোমবার পুনেতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৭৩ বছর বয়সী এই অভিনেত্রী। তার মৃত্যুতে মারাঠি চলচ্চিত্র, নাট্যজগৎ ও লোকশিল্পের একটি বর্ণময় অধ্যায়ের অবসান হলো।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে মধু কাম্বিকরের। ২০১৬ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একসময় অভিনয় ও নৃত্য পরিবেশনা থেকেও নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তিনি।
২০১৬ সালের ২৭ নভেম্বর প্রায় ১২ বছর পর মঞ্চে ফিরেছিলেন মধু কাম্বিকর। মুম্বাইয়ের মাতুঙ্গায় যশবন্ত নাট্য মন্দিরে আয়োজিত ‘লাবণ্যসঙ্গীত’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। তবে অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করতে শুরু করেন অভিনেত্রী। শারীরিক অস্বস্তি সত্ত্বেও ‘ভৈরবী’ পরিবেশনা শেষ করেন তিনি। পরে মেকআপ রুমে যাওয়ার পর স্ট্রোকে আক্রান্ত হন মধু। এর ফলে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনার পর থেকে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে গেলেও আর আগের মতো অভিনয় ও নৃত্যের জগতে সক্রিয় হতে পারেননি তিনি।
মারাঠি বিনোদনজগতের পরিচিত মুখ ছিলেন মধু কাম্বিকর। প্রায় চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৭৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন এক ডজনেরও বেশি নাটকে। লোকশিল্পের প্রাণবন্ত পরিবেশনা থেকে শুরু করে মূলধারার চলচ্চিত্রে আবেগঘন চরিত্র; বিভিন্ন ভূমিকায় নিজের অভিনয়দক্ষতার ছাপ রেখেছেন এই শিল্পী।
