নাটোরের বড়াইগ্রামে যৌথ অভিযান চালিয়ে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোস্তফা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার রাজাপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবির সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোরের যৌথ দল অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তার মোস্তফা পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি বোতলবুনিয়া এলাকার মৃত আমজাদ আলী ও মৃত সালেহা বেগমের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।
এসআরবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জাল নোটবিরোধী এ অভিযান চালানো হয়।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার মোস্তফাকে বড়াইগ্রাম থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
