কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী পরিবহণের যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ এবং মাতামুহুরী এলাকার সাহারবিল রামপুরের মো. দুলালের ছেলে মো. ইয়াছিন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহণের একটি বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন।
খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক) মো. সেলিম মিয়া বলেন, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
