Published on
:
1 min read
লাইভ চলাকালীন আচমকা ধেয়ে এল সমুদ্রের বিশাল ঢেউ। জলের তোড়ে মাটিতে ছিটকে পড়লেন সাংবাদিক ও তাঁর সহকর্মী ক্যামেরাম্যান। স্পেনের বাস্ক প্রদেশের ওন্দারোয়া উপকূলবর্তী এলাকার ঘটনা। ইটিবি২ চ্যানেলের ‘ইউস্কাডি কুয়েদায়েত’ অনুষ্ঠানের জন্য লাইভ সম্প্রচার করছিলেন সাংবাদিক সার্জিও ওভেজ়েরো। তিনি যখন দর্শকদের উত্তাল সমুদ্রের বিপজ্জনক রূপ নিয়ে সতর্ক করছিলেন। ঠিক তখনই আছড়ে পড়ে এক বিশালাকার ঢেউ। সঙ্গে সঙ্গে ক্যামেরা-সহ মাটিতে পড়ে যান সাংবাদিক সার্জিও এবং তাঁর চিত্রগ্রাহক রাকেল। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় লাইভ সম্প্রচার।
টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। লাইভ ফিড হঠাৎ কেটে যাওয়ায় স্টুডিয়োতে বসে থাকা সঞ্চালক ওদেই এসনাওলাও উদ্বেগে পড়ে যান। ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও চিত্রগ্রাহকের নিরাপত্তা নিয়ে তৈরি হয় বড় সংশয়। পরে ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, সমুদ্রের ধারে দাঁড়িয়ে কথা বলতে বলতে কী ভাবে জলের তোড়ে তাঁরা দুজনেই ভেসে যান।
পরে, অবশ্য ওই টিভি চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক সার্জিও এবং চিত্রগ্রাহক রাকেল দু’জনেই সম্পূর্ণ সুরক্ষিত আছেন। বড় কোনও চোট তাঁদের লাগেনি। দর্শকদের উদ্বেগ মেটাতে স্বস্তি দিয়ে সমাজমাধ্যমে বার্তা দেন স্বয়ং সাংবাদিক সার্জিও নিজেও।
🇪🇸 A Spanish TV reporter gets HIT by a BIG WAVE while covering the storm live. The wave crashed over the promenade wall in Ondarroa, slamming him and the camera. The signal briefly dropped, but both he and the camerawoman are fine. Reporting rough seas just got a LIVE demonstration 🌊 Writer: Lucas https://t.co/bYaX8r2s5T
— Mario Nawfal (@MarioNawfal) October 22, 2026
ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে সমালোচনা। কেউ বিপদের মুখে থেকে তাঁদের বেঁচে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, সমুদ্রের এত বিপজ্জনক ঢেউয়ের একদম কাছে গিয়ে লাইভ রিপোর্টিং করার কোনও ঝুঁকি নেওয়া উচিত ছিল না। স্টুডিয়োতে থাকা সঞ্চালকের ভয়ার্ত অভিব্যক্তি নিয়েও অনেকে নানা মন্তব্য করেছেন।