খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারি এড়িয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব। দিনের আলোয় প্রকাশ্যে পাহাড় কাটা চলছে এমন খবর পেয়ে পাহাড় কাটার দায়ে মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। সোমবার (১২ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা পৌরসভাধীন ৮নং ওয়ার্ড মিস্ত্রী পাড়া এলাকায় পাহাড় কাটার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রানা নামের এক ব্যক্তীকে ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত মো. রানা মাটিরাঙ্গার মিস্ত্রিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, আজ মাটিরাঙ্গা পৌরসভার মিস্ত্রিপাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ জন'কে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ও পাহাড় কাটা রোধে আগামিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
