দেশের শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এতে শিক্ষকদের মর্যাদাহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, দেশে শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগের। এতে শিক্ষকদের মর্যাদাহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।
কায়সার কামাল বলেন, বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না। তিনি আরও বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে মানবাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে।
