স্টাফ রিপোর্টার : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় পুরুষ ক্রিকেট দলের মধ্যকার আসন্ন টেস্ট ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা, এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং ডিজিএফআই, এনএসআই, এসআরবি-৯সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
এছাড়া সভায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন কার্যালয়, আনসার ও ভিডিপি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার এবং হোটেল গ্র্যান্ড সিলেটের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আগামী ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিতব্য টেস্ট ম্যাচ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দায়িত্ব নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী প্রতিনিধিরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে মতামত ও পরামর্শ দেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।
আন্তর্জাতিক এ ম্যাচকে ঘিরে এসএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। ম্যাচটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
