আবুল হাশেম
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে রাজশাহীর বাঘায় ৪৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf উদ্ধারসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. ভোর ৪টা ১০ মিনিটে বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের মোঃ জামরুল ইসলামের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম মোসাঃ মদিনা বেগম (৩৮)। তিনি ওই গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ জামরুল ইসলাম (৩৯) এর স্ত্রী। ডিবি সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মালিয়ানদহ গ্রামে জামরুল ইসলামের বাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মদিনা বেগমের বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়ন কক্ষের মেঝেতে পুঁতে রাখা ড্রামের মধ্য থেকে ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী জামরুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
