জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এসব তথ্য জানান। দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জানান, চার বছরের দ-ের সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। অর্থদ- অনাদায়ে তাকে ৬ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন বুধবার রাখা হয়। গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ১১ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেন আদালত। আত্মপক্ষ শুনানিতে ২৪ সেপ্টেম্বর সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এর আগে গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান কর্মকর্তা।