এসব আয়োজনের সঙ্গে বহু বছর ধরেই জড়িয়ে আছে বাংলা গান। দেবীর আগমনবার্তা নিয়ে আগমনী গান থেকে ভক্তিমূলক সংগীত, আবার কখনো ঢাক ও কাঁসরের তালে আনন্দের গান।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। প্রতি বছর এ পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলে নানা আয়োজন। প্রতিমা দর্শন, আলোকসজ্জা, ঢাকের বাদ্যি আর নতুন পোশাকে আনন্দে মেতে ওঠে মানুষ। এসব আয়োজনের সঙ্গে বহু বছর ধরেই জড়িয়ে আছে বাংলা গান। দেবীর আগমনবার্তা নিয়ে আগমনী গান থেকে ভক্তিমূলক সংগীত, আবার কখনো ঢাক ও কাঁসরের তালে আনন্দের গান। পূজার আবহ তৈরিতে এসব সংগীতের রয়েছে বিশেষ ভূমিকা। সময়ের সঙ্গে গানের ধরন ও পরিবেশনায় পরিবর্তন এলেও পূজার গান ঘিরে মানুষের আবেগ ও স্মৃতির জায়গাটি এখনো রয়ে গেছে।
আগমনী গানে দেবীর আসার বার্তা
দুর্গা পূজার গানের অন্যতম পরিচিত ধারা আগমনী। শরতের আকাশ, শিউলি ফুল, কাশবন, ঢাকের বাদ্যি আর উমার ঘরে ফেরার অপেক্ষা—এসবই আগমনী গানের পরিচিত বিষয়। দেবী দুর্গার মর্ত্যে আগমনকে কেন্দ্র করে রচিত এসব গান দুর্গা পূজার আবহ তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। ‘বাজলো তোমার আলোর বেণু’ ও ‘জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী’র মতো গান বহু বছর ধরে দুর্গা পূজার সঙ্গে জড়িয়ে আছে।
আগমনী গানে দেবী দুর্গাকে শুধু শক্তির প্রতীক হিসেবে নয়, ঘরের মেয়ে উমা হিসেবেও তুলে ধরা হয়। তার ঘরে ফেরা, পরিবারের সঙ্গে মিলন এবং বিদায়ের বেদনা এসব গানে উঠে আসে।
ভক্তিগানে দেবীর বন্দনা
দুর্গা পূজার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ভক্তিমূলক সংগীত। দেবীর শক্তি, মহিমা, আশীর্বাদ ও অশুভ শক্তির বিনাশের প্রার্থনা এসব গানের মূল বিষয়। ‘দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী’র মতো বন্দনামূলক গানের পাশাপাশি ‘যা দেবী সর্বভূতেষু’ স্তোত্রের পাঠও পূজার আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত।
কাজী নজরুল ইসলামের কালজয়ী ভক্তিগীতি ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ও দেবী বন্দনার পরিচিত গানগুলোর একটি। নতুন আবহে গানটি শ্রোতাদের সামনে নিয়ে এসেছে জি সিরিজ। কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ডা. কাকলী হালদার। যৌথভাবে সংগীত পরিচালনা করেছেন সুমন চৌধুরী ও ইবনে রাজন। গানটির আবেগ ও ভক্তির ভাব দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন নৃত্যশিল্পী সঞ্চিতা চক্রবর্তী। জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ হয়েছে গানটি।
বাংলাদেশের নতুন গানে দেবীবন্দনা
বাংলাদেশেও দুর্গা পূজাকে ঘিরে প্রকাশ পাচ্ছে নতুন গান। দেবীর বন্দনা, আগমনের আনন্দ ও উৎসবের আবহের পাশাপাশি এসব গানে উঠে আসছে নারীশক্তি, মানবতা ও ন্যায়বিচারের মতো বিষয়। শিল্পীদের নিজস্ব ইউটিউব চ্যানেল ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশিত এসব গানে যেমন রয়েছে প্রচলিত ভক্তিমূলক সংগীতের ধারা, তেমনি আছে আধুনিক সংগীতের নানা আয়োজন।
দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশ হয়েছে ‘মহাদুর্গা’। গানজানালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি তৈরি হয়েছে শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে। এতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার। সঞ্জীবন চক্রবর্তীর লেখা গানটির সুর করেছেন ভবসিন্ধু সরকার এবং প্রযোজনা করেছেন শামীম হাসান।
গানটির ভিডিও পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণে ছিলেন রফিকুল ইসলাম। ভিডিওতে দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছে শিশুশিল্পী আইরা। আরো অংশ নিয়েছেন পীযূষ দত্ত, সঞ্জীবন চক্রবর্তী ও শিশুশিল্পী প্রিয়ম।
দুর্গা পূজার ঐতিহ্য ও উৎসবের আবহ তুলে ধরতে প্রকাশ হয়েছে ‘জয় দুর্গা মায়ের জয়’। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার ভাবনা, তত্ত্বাবধান ও প্রযোজনায় তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। সঞ্জীবন চক্রবর্তীর লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা। কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরির ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফি করেছেন সাইফুল ইসলাম। শিল্পীদের ফেসবুক পেজের পাশাপাশি গানটি প্রকাশ হয়েছে বিশ্বরঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
অন্যদিকে দেবীর আগমনকে কেন্দ্র করে গান তৈরি করেছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘মা এলো’ শিরোনামের গানটি লিখেছেন, সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন তিনি। গানের ভিডিওতেও মডেল হয়েছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন সুমন।
ঢাকের তালে জনপ্রিয় পূজার গান
ভক্তিমূলক গানের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও আধুনিক সংগীতেও দুর্গা পূজাকে ঘিরে তৈরি হয়েছে বেশকিছু জনপ্রিয় গান। পশ্চিমবঙ্গের ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার ‘ঢাকের তালে কোমর দোলে’ তেমনই একটি গান। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। গানটিতে ঢাকের তালে পূজার আনন্দ ও নাচের উচ্ছ্বাস ফুটে উঠেছে।
শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘ঢাক বাজা কাঁসর বাজাও’ দুর্গা পূজার পরিচিত গানগুলোর একটি। জিৎ গাঙ্গুলির সুর ও প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে দেবীর আগমন এবং উৎসবের আনন্দের আবহ ফুটে উঠেছে।
উৎসবের গানে আধুনিকতার ছোঁয়া
দুর্গা পূজার গান মানেই যে কেবল দেবীবন্দনা, তা নয়। উৎসবের আবহে আধুনিক ও রোমান্টিক গানও প্রকাশ পাচ্ছে। দুর্গা পূজা উপলক্ষে সংগীতশিল্পী আসিফ আকবর প্রকাশ করেছেন ‘হৃদয় দিয়েছি তোমারে’। তরুণ মুন্সীর লেখা ও সুর করা গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। রোমান্টিক ঘরানার গানটি প্রকাশ হয়েছে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।
এ ধারার আরেকটি গান ‘মেঘ আড়ালে’। গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন সুতপা মণ্ডল ও মঙ্কস পার্ল। দিবাশ কৃষ্ণ বিশ্বাসের লেখা গানটির সুর, সংগীত আয়োজন ও প্রযোজনা করেছেন অদিত রহমান। পারকিউশনে ছিলেন মিঠুন চক্র এবং সেতারে সোহিনি মজুমদার।
পুরনো দিনের ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব ও বাদ্যযন্ত্রে সাজানো সেটে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ। এতে নৃত্য পরিবেশন করেছেন শ্রেষ্ঠা সরকার। গানের সুর ও দৃশ্যায়নে পুরনো দিনের আবহ তৈরির চেষ্টা রয়েছে।
