বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওর ক্যাপশনে আরিফুল হাসান রুবেল লিখেন, আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। মিছিলে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের পলাতক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়। ভিডিও ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মিছিলে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল হাসান রুবেলের নেতৃত্বে চট্টগ্রাম আরকান সড়কের শাকপুরা এলাকায় মিছিলটি বের করা হয়। ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। কেউ বলছে শাকপুরা, আবার কেউ বলছে বেঙ্গুরায় মিছিলটি হয়েছে। কেউ বাদী হয়ে মামলা করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কেউ মামলা করতে আসেনি। তবে মিছিলে কারা ছিল তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।

