রাজধানী ঢাকা থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছেছে।
বুধবার সকাল ১০টা ৩ মিনিটে বিশেষ সুরক্ষায় ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়েছিল এই বহর।
ইউরেনিয়াম পরিবহনকালে সেনাবাহিনী, এসআরবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মহাসড়কে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তা বলয়। ঢাকা থেকে পাবনা পর্যন্ত সড়কপথে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্ভরযোগ্য সূত্র জ্বালানি পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি; ফলে রাশিয়া থেকে বিমানযোগে চালানটি ঠিক কখন ঢাকায় অবতরণ করেছিল, তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর একই প্রক্রিয়ায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের প্রথম চালানটি ঈশ্বরদীতে নেওয়া হয়েছিল। প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, চলতি বছরের ভেতরেই দ্বিতীয় ইউনিটের জন্য আরও সাতটি ইউরেনিয়ামের চালান পর্যায়ক্রমে রূপপুরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
