রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক যুবক গুলি চালিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ সময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে জানান, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা এক যুবক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে তিনি নিচে নেমে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
পুলিশ জানায়, ঘটনার পর আসিফ আকবর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তবে তাৎক্ষণিকভাবে তিনি কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেননি।
ঘটনার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগের বিষয়ে পুলিশকে আসিফ আকবর জানিয়েছেন, এ বিষয়ে পরে দেখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কে বা কারা এবং কী কারণে এই গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকে নজর রয়েছে।
