আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে কলকাতা পুরভোট নিয়ে সরব মন্ত্রী দিলীপ ঘোষ। কোজাগরী লক্ষ্মীপুজোর সকালে তাঁর নিশানায় তৃণমূল নেতা কুণাল ঘোষ থেকে অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সাতসকালেই একের পর এক চ্যালেঞ্জ ছুড়লেন মন্ত্রী।
পুরভোট নিয়ে এদিন সকালে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'পুরভোট কঠিন কেন হবে? প্রার্থী সবাই দিতে পারে। নীচের স্তর অবধি পরিবর্তনটা হোক। আমরা সেটাই চাই। মানুষও বিজেপিকে ভোট দেবে।'
বিজেপিকে হারাতে সবাইকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়ের। নির্দিষ্ট আচরণবিধি তৈরি করে প্রার্থী বাছার আহ্বান সিপিএমের। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'সিপিএম কী করেছে? বিরোধীদের সঙ্গে তখন ক্ষমতায় ছিল। তারা যদি বলে আসুন আমাদের সঙ্গে, কেউ বিশ্বাস করবে? তাই চেষ্টা করুন।'
অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ক্ষমতা থাকলে কলকাতা পুরসভার ২০৯টি আসনেই খাঁটি, আদি বিজেপি কর্মীদের প্রার্থী করা হোক। এ প্রসঙ্গে দিলীপের বক্তব্য, 'খাঁটি কি আদি, সেটা বিজেপিকে ভাবতে দিন। তৃণমূলকে আগে খুঁজে বার করুন কোথায় আছে। তৃণমূলের মতো এত ভেজাল পার্টি তো আজ পর্যন্ত আমরা দেখিনি, সেই উঠে গেল। উনি কোন পার্টির প্রতিনিধির কথা বলছেন? ওর পার্টিকে বলুন যে, ২০৯ টি আসনের প্রার্থী দিতে।'
ফের বিজেপিকে তোপ অভিনেতা নাসিরুদ্দিন শাহের। নাসিরুদ্দিন বলেছেন, বিজেপি রক্তপিপাসু মিথ্যাবাদী দল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরেও কটাক্ষ করতে পিছপা হননি অভিনেতা। তাঁর মতে, 'নির্বাচনের পর যাঁরা বিজেপির আদর্শ, নীতির সঙ্গে একমত নয়, তাঁদের ওপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। দেশের ভবিষ্যৎ, চলচ্চিত্র নির্মাতাদের মগজধোলাই বা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের কথা দিচ্ছি, যে এমনটা কখনওই হতে দেওয়া হবে না।'
নাসিরুদ্দিনকে পাল্টা জবাব দিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, 'যতদিন মাফিয়ার হাতে ছিল চলচ্চিত্র জগৎ, তখন নাসিরুদ্দিন শাহর কোনও কষ্ট হয়নি। মাফিয়ামুক্ত হয়েছে আজকের ভারতবর্ষের সিনেমাজগত। জাতীয়তাবাদী ফিল্ম তৈরি হচ্ছে, লোকে খুশি দেখে, তাই হিট হচ্ছে। দেশের সংস্কৃতি পরম্পরাকে তুলে ধরার চেষ্টা আগে হয়নি, অন্য দেশের সংস্কৃতি চাপানো হয়েছে। কালো টাকা দিয়ে ফিল্ম করে গায়ের জোরে হিন্দুত্ব আর দেশকে অপমান করা হয়েছে। তখন চুপ ছিলেন? এখন চুপ থাকুন, দেখুন কী হচ্ছে।'
