স্টাফ রিপোর্টার : সিলেট জেলার ১২টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৩২ জন নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে। স্বচ্ছ লটারির মাধ্যমে তাঁদের কর্মস্থল নির্ধারণ করা হয়। গত ১৯ অক্টোবর থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা গত ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন। পরে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটির সভায় লটারির মাধ্যমে তাঁদের বিদ্যালয় নির্ধারণ করা হয়।
উপজেলাভিত্তিক পদায়নে গোলাপগঞ্জে সর্বোচ্চ ৫৯ জন শিক্ষক রয়েছেন। এছাড়া জকিগঞ্জে ৫৫, ওসমানীনগরে ৫২, কানাইঘাটে ৪৫, বিয়ানীবাজারে ৪৪, কোম্পানীগঞ্জে ৩৭, ফেঞ্চুগঞ্জে ৩৬, বিশ্বনাথে ৩১, দক্ষিণ সুরমায় ২৯, বালাগঞ্জে ১৮, গোয়াইনঘাটে ১৭ এবং জৈন্তাপুরে ৯ জনকে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, যোগদানের সুবিধার্থে ১৮ অক্টোবর বিকেলে শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অবমুক্ত করা হয়। পরদিন নিজ নিজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত বিদ্যালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়।
শিক্ষকেরা ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের তারিখ থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন। তাঁদের ব্যক্তিগত নথি সংরক্ষণ, দুটি সার্ভিস বুক প্রস্তুত এবং আইপিইএমআইএস সফটওয়্যারে তথ্য অন্তর্ভুক্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেন, স্বচ্ছ লটারির মাধ্যমে পদায়ন করায় প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। নতুন শিক্ষকেরা যোগ দিলে বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন তাঁরা।
