চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ১৭ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় নিষিদ্ধ ১ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল ও চারটি ইঞ্জিনচালিত কাঠের জেলে নৌকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বাহেরচর ও নাসিরারচর এলাকায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
নৌ পুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত পুরোনো কাঠের জেলে নৌকায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ শিকারের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চারটি ইঞ্জিনচালিত কাঠের জেলে নৌকা উদ্ধার করে জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক সাতটি মামলা করা হয়েছে। পরে গ্রেফতার ১৭ জনকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ফম/এমএমএ/
