গ্রাহকবান্ধব আধুনিক সেবার পরিধি আরও জোরদার ও বিস্তৃত করার লক্ষ্যে কেরানীগঞ্জের কলাতিয়ায় স্থানান্তরিত নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ঢাকা ব্যাংক পিএলসি। শাখাটির বর্তমান ঠিকানা জে কে টাওয়ার (২য় তলা), কলাতিয়া বাজার, কেরানীগঞ্জ, ঢাকা।
শনিবার (১৭ অক্টোবর) ফিতা কেটে স্থানান্তরিত কলাতিয়া শাখাটির শুভ উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ এন্টারপ্রাইজ মার্কেটিং অফিসার (সিইএমও) মো. মোস্তাক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মোসলেহ সাদ মাহমুদ, ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আলতামাস নির্ঝর, নিকটবর্তী শাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ বলেন, “ঢাকা ব্যাংকের মূল লক্ষ্য হলো গ্রাহকদের আধুনিক ও নিরাপত্তাবেষ্টিত ফিন্যান্সিয়াল সেবা দেওয়া। আমাদের মূল ভিশন ‘Transforming Together’-এর আলোকে আমরা উদ্ভাবনী ব্যাংকিং সেবার সম্প্রসারণ ও সুদৃঢ় গ্রাহকসম্পর্ক তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানান্তরিত এই শাখা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগোষ্ঠীর অর্থনৈতিক প্রয়োজনে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
নতুন ও সুপরিসর এই আধুনিক ভবনে কলাতিয়া অঞ্চলের গ্রাহকেরা নিরাপদ, দ্রুত ও উন্নতমানের সব ধরনের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত ব্যাংকিং সেবা পাবেন বলে জানান আয়োজকেরা।
