সংবাদ · সাধারণ
‘বিরোধ’এ সুব্রত-ফারজানা ছবি ও ইমু
২৪/১০/২০২৬

প্রয়াত
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার ও গীতিকার আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন
দোদুলের রচনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘বিরোধ’।
পারিবারিক গল্পের এই নাটকে অভিনয় করছেন একসময়ের নন্দিত নায়ক সুব্রত, গুণী অভিনেত্রী
ফারজানা ছবি এবং এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী ইমু শিকদার।নাটকটিতে
বাবার চরিত্রে অভিনয় করছেন সুব্রত। ‘শিউলী’ চরিত্রে দেখা যাচ্ছে ফারজানা ছবিকে। চরিত্রটি
নিয়ে এরই মধ্যে দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছেন তিনি। অন্যদিকে ‘শেফালী’ চরিত্রে অভিনয়
করে আলোচনায় এসেছেন ইমু শিকদার।‘বিরোধ’-এ
অভিনয় প্রসঙ্গে সুব্রত বলেন, ‘এর আগেও আমি দোদুলের তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি।
এই নাটকে আমি একজন বাবার চরিত্রে অভিনয় করছি। গত মাস থেকেই নাটকটির প্রচার শুরু হয়েছে।
বিটিভিতে প্রচারের পাশাপাশি এখন নাটকগুলো ইউটিউবেও নিয়মিত আপলোড হচ্ছে। ফলে বিটিভির
নাটক দেখার দর্শকও আগের চেয়ে অনেক বেড়েছে। ‘বিরোধ’ অল্প সময়েই আলোচনায় এসেছে। এত চমৎকার
একটি গল্প রচনার জন্য দোদুলকে ধন্যবাদ।’ফারজানা
ছবি বলেন, ‘দোদুল ভাইয়ের পরিচালনায় এর আগে ‘বোকা প্রেম’ নামে একটি একক নাটকে অভিনয়
করেছিলাম। ‘বিরোধ’ মূলত পারিবারিক গল্পের নাটক। এখন আবার পারিবারিক গল্প নিয়ে নাটক
নির্মাণের ধারাটি ফিরে এসেছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক। ‘বিরোধ’ও পারিবারিক
গল্পের নাটক বলেই দর্শকের ভালো লাগছে। ধন্যবাদ দোদুল ভাইকে, তাঁর কাজের সঙ্গে আমাকে
সম্পৃক্ত রাখার জন্য।’ইমু
শিকদার বলেন, ‘ধারাবাহিকটিতে অভিনয় করে আমি দারুণ সাড়া পাচ্ছি। বিশেষ করে প্রত্যন্ত
অঞ্চলের দর্শকরা নাটকটি দেখছেন এবং আমার অভিনয় ও চরিত্র নিয়ে আমাকে মেসেজ পাঠাচ্ছেন।
তাঁদের ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়া আমার জন্য সত্যিই অনেক আনন্দের। ‘শেফালী’ চরিত্রটির
জন্য দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি, তা আমার অভিনয়জীবনের জন্য অনেক
আনন্দের এবং অনুপ্রেরণার।’
এদিকে
সুব্রত অভিনীত ‘রূপনগর’ ধারাবাহিকটির প্রচার সম্প্রতি শেষ হয়েছে দীপ্ত টিভিতে। ফারজানা
ছবি এরই মধ্যে লিটু করিমের রচনা ও পরিচালনায় ‘লোভী মন’ শিরোনামের একটি একক নাটকের কাজ
শেষ করেছেন।
মূল প্রতিবেদনে যান ↗