প্রধানমন্ত্রীর জাপান সফর: আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের.....
বাংলাদেশ
প্রতিবেদকপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সাময়িকভাবে পিছিয়ে গেল।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যার ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপান যাত্রাকে কেন্দ্র করেই গত রাতে বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সফরের আগে বেশ কিছু জরুরি ফাইলের দাপ্তরিক কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকায় একনেক বৈঠকটি স্থগিত রাখা হয়েছে।
আজকের একনেক বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছিল, যার সম্মিলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। অনুমোদনের অপেক্ষায় থাকা এসব প্রকল্পের মধ্যে অন্যতম হলো তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ (তিতাস-৩২ ও তিতাস-৩৩) খনন, ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন।
তালিকায় থাকা আটকে যাওয়া অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়ন। এছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্প এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্পও আপাতত অনুমোদনের অপেক্ষায় রইল।
বাংলাদেশ জার্নাল/ওএফ