কলকাতা হাই কোর্টে খারিজ জামিন আর্জি। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্টে, হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে মামলা করেছেন তিনি। তবে এখনই সুজিতের মামলার শুনানি হবে না বলেই জানা যাচ্ছে। ফলে পুজোয় শ্রীঘরেই থাকতে হবে এই তৃণমূল নেতাকে! পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সুজিত।
গত মে মাসে রাজ্যে পালাবদলের পরই সুজিত বসুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। তার আগেই অবশ্য পুরসভা ও শিক্ষক নিয়োগের মতো গুরুতর মামলার দায়িত্বভার পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তার তদন্ত আরও গতি এনে গত ১২ মে গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী ও বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে। সেই থেকে তিনি জেলবন্দি। শুধু পুরনিয়োগ দুর্নীতি নয়, তদন্তের গভীরে গিয়ে কেঁচো খুঁড়তে কার্যত কেউটে বের করেন তদন্তকারীরা। একাধিক আর্থিক দুর্নীতি, ছেলের রেস্তরাঁয় একাধিক বেআইনি কাজের অভিযোগ ওঠে। সুজিত বসুকে নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালান জায়গায় জায়গায়। এসবের জেরে বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়।
মঙ্গলবার জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন দমকল মন্ত্রী। সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তিনি জামিনের আবেদন খারিজ করে দেন। ইডির আইনজীবীর দাবি ছিল, তাঁকে জামিন দিলে প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করতে পারেন। তাতে তদন্তে অসুবিধা হবে। ইডির সেই সওয়াল শুনে বিচারপতি জামিন মঞ্জুর করেননি। এরপরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন প্রাক্তনমন্ত্রী। তবে পুজোর সময়ে সেই মামলার শুনানি হবে না বলেই মনে করা হচ্ছে। ফলত পুজোয় জেলেই থাকতে হবে সুজিতকে।
